প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে নিখোঁজ কিশোরের মরদেহ মিলল ধানক্ষেতে
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাদ গ্রামের একটি ফসলি মাঠের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল।নিহত রাব্বি হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব বাজার মহল্লার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। সে পেশায় অটোভ্যানচালক ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ২০ নভেম্বর তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিহতের নানা শফিকুল ইসলাম জানান, অভাবের সংসারে জীবিকার তাগিদে মাত্র ১৫ বছর বয়সেই অটোভ্যান চালাত রাব্বি। বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর শুক্রবার অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়, রাব্বি হাসপাতালে ভর্তি রয়েছে এবং চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা ওই ফোন নম্বর নিয়ে শিবগঞ্জ থানায় গিয়ে জিডি করেন। কিন্তু আজ শনিবার সকালে ক্ষেতলাল এলাকার ধানক্ষেতে তার মরদেহ পাওয়ার খবর পান।স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। শনিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানক্ষেতে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়৷ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদহেটি হস্তান্তর করা হবে । হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম