প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
নিম্নমানের নির্মাণকাজে ভেঙে পড়েছে গোরস্থানের সীমানাপ্রাচীর, অরক্ষিত কবর
তানভীর তুহিন , ফরিদপুর প্রতিনিধি ||
ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী নূর-এ মদিনা গোরস্থানের সরকারি অর্থায়নে নির্মিত সীমানাপ্রাচীর ভেঙে পড়েছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে গোরস্থানটি। সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় গরু-ছাগলসহ গবাদিপশু অবাধে গোরস্থানে প্রবেশ করছে। এতে কবরের মাটি সরে যাওয়াসহ কবরের কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় স্বজনদের কবরের সুরক্ষা ও গোরস্থানের পবিত্রতা রক্ষায় দ্রুত সীমানাপ্রাচীর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা যায়, গোরস্থানের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি অর্থায়নে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া কাজের সময় যথাযথ তদারকির অভাবে প্রাচীরটি টেকসই হয়নি বলে দাবি স্থানীয়দের। নির্মাণের কিছুদিনের মধ্যেই প্রাচীরের বিভিন্ন অংশ ধসে পড়ে।স্থানীয় বাসিন্দা মনসুর বেপারী বলেন, ‘সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় গবাদিপশু সহজেই গোরস্থানে ঢুকে পড়ছে। এতে অনেক কবরের মাটি সরে যাচ্ছে। কবরগুলোর কাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে কবরগুলোর আরও ক্ষতি হবে।’এলাকাবাসী বলেন, গোরস্থান একটি পবিত্র স্থান। এখানে তাঁদের পূর্বপুরুষ ও স্বজনদের কবর রয়েছে। সীমানাপ্রাচীর ভেঙে যাওয়ায় কবরগুলোর নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। দ্রুত প্রাচীরটি পুনর্নির্মাণ করা না হলে কবরগুলোর আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।গোরস্থানের সভাপতি হাজী মো. সেলিম তালুকদার বলেন, ‘গোরস্থানের পবিত্রতা ও কবরগুলোর সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সীমানাপ্রাচীর নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।’গোরস্থানের সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ এবং নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম