প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী
ডেস্ক নিউজ ||
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই। ফলে ফলাফল জানার পরই পরবর্তী শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরতে পারবে তারা।শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে শিক্ষার্থীদের খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিলে তাঁকে জানাতে বলেন। প্রয়োজনে নিজের ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তা করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।বার্ষিক পরীক্ষার ফল ও নতুন বই বিতরণের বিষয়ে তিনি বলেন, ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ঘোষণা করা হবে। একই দিন ফলাফলের কাগজের সঙ্গে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির বই পাবে। যেমন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিন পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরবে।নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। কোনো বইয়ের কাগজ বা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।শিক্ষার মান বাড়াতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও তৈরি করা হবে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম