প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
বিদেশে বসে নির্দেশনা নয়, দেশে ফিরে নেতৃত্ব দিন: শাহে আলম
ডেস্ক নিউজ ||
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেছেন, যারা দেশে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।বিদেশ থেকে টেলিফোনে দেওয়া নির্দেশনা বা উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিদেশে বসে নির্দেশনা দিচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়া উচিত।অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে যাওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেদিন ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিনে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি গাছের চারা রোপণ ও পরিচর্যা করতে হবে। নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম