প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ি সম্মাননা
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং মাদকের দিকে ঝুঁকছে কি না, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। উন্নত দেশগুলোর মতো অভিভাবকদেরও সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে।শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি-২০০৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণী শিক্ষকদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুল হাকিম।এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হয়। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষকদেরও বিদায়ি সম্মাননা দেওয়া হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম