প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন
ডেস্ক নিউজ ||
আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও নানা রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দেশের রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। জীবনের নানা অধ্যায় পেরিয়ে ৬১ বছরে পা রাখছেন তিনি।মুক্তিযুদ্ধের তিন বছর আগে সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ঘরে জন্ম তারেক রহমানের। পরিবারের কাছে আদরের সন্তান ছিলেন তিনি। ছোটবেলায় তার ডাকনাম ছিল ‘পিনু’। তবে শৈশব থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। মুক্তিযুদ্ধের সময় বাবা ছিলেন রণাঙ্গনে। অন্যদিকে সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে মা খালেদা জিয়াকে। একপর্যায়ে থাকতে হয়েছে সেনা হেফাজতেও।স্বাধীন বাংলাদেশের জন্ম, দুর্ভিক্ষ, সিপাহি-জনতার বিপ্লব এবং বাবার রাজনৈতিক উত্থান—দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন তারেক রহমান। কৈশোরে পৌঁছানোর আগেই বাবাকে হারান তিনি। এরপর মায়ের হাত ধরেই এগিয়ে চলে তার জীবন।স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর খালেদা জিয়া সরকারপ্রধান হলে মায়ের রাজনৈতিক পথচলায় যুক্ত হন তারেক রহমান। ২০০১ সালের পর রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেন। অর্জন করেন মা খালেদা জিয়ার আস্থাও।তবে তার রাজনৈতিক জীবনে আসে বড় ধাক্কা। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। সে সময় কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হামলা, গুম ও হত্যার অভিযোগের মধ্যে লন্ডনে থেকেও দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনেও যুক্ত থাকেন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে হারান ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। কারাবন্দি হতে হয় মা খালেদা জিয়াকেও।এরপর আসে ২০২৪ সালের গণঅভ্যুত্থান। বিদেশে অবস্থান করেই দলের নেতাকর্মীদের সংগঠিত করা এবং আন্দোলনে ভূমিকা রাখেন তারেক রহমান। এ সময় বিএনপির নেতৃত্বে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন তিনি।দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। কিন্তু দেশে ফেরার কিছুদিনের মধ্যেই মাকে হারান তিনি। এরপর দলের নেতৃত্বের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি সামলানোর দায়িত্বও এসে পড়ে তার কাঁধে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। ক্ষমতায় আসার পর দেশ পরিচালনার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণেরও পরিকল্পনা রয়েছে।এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম