প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগকে হুঁশিয়ারি
আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরে কোনো গাড়ি পোড়ানো বা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ ঘটনার দায়ও কেউ নেবে না বলে মন্তব্য করেছেন তিনি।আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা–কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কিবরিয়া স্বপন বলেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে।আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে স্বপন আরও বলেন, ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এর দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।এদিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। উপজেলা বিএনপি'র কার্যালয় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান সাবেক উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান সিকদারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে। এই সময় আরো উপস্থিত ছিল উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ উপজেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন শুভ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম মোস্তফা মোস্তফা কামাল সহ মহিলা দলনেত্রী সহ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম