প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও শিশু ছেলে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামের একটি বসতবাড়ি থেকে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় নিহত নারীর বাবা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-২ নীলফামারীর যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম