প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক ||
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে কিয়ারার সাধভক্ষণের একটি বিশেষ কেক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেকটিতে নীল ও বেগুনি রঙের ফুলের নকশা দেখে অনেকেই ধারণা করছেন, এবার হয়তো পুত্রসন্তানের মা হতে যাচ্ছেন কিয়ারা।কিছুদিন আগেই মেয়ে সারাহাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর দেন সিদ্ধার্থ ও কিয়ারা। তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। সম্প্রতি করণ জোহরের একটি অনুষ্ঠানেও অনাগত সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ বলে উল্লেখ করেন এই তারকা দম্পতি।বর্তমানে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন কিয়ারা। এই সময়টা মেয়ে ও স্বামীর সঙ্গে কাটাচ্ছেন তিনি। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর বিশেষ যত্ন নিচ্ছেন সিদ্ধার্থও। জানা গেছে, ২০২৭ সালের শুরুর দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন কিয়ারা।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ কেকের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। কেকটি তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। যদিও ছবিতে সিদ্ধার্থ-কিয়ারাকে দেখা যায়নি, তবে কেকের নকশাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিয়ারার ভক্তদের বিভিন্ন পেজ ও আলোকচিত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
কেকটিতে সাজানো হয়েছে অসংখ্য নীল ও বেগুনি রঙের ফুল। তবে সেসব ফুলের ভিড়ে চোখে পড়েছে একটি গোলাপি ফুলও। আর এই একটি ফুলকে ঘিরেই শুরু হয়েছে নানা অনুমান। ভক্তদের ধারণা, নীল ফুলের আধিক্য পুত্রসন্তান আসার ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, এবার সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে আসতে পারে ছেলে।
অন্যদিকে গোলাপি ফুলটি দেখে ভিন্ন ধারণা করছেন আরেক দল। তাদের প্রশ্ন, নীল ও বেগুনি ফুলের মাঝে রাখা গোলাপি ফুলটি কি তবে কন্যাসন্তানের ইঙ্গিত?
কাজের ক্ষেত্রে কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে ‘টক্সিক’ ও ‘ওয়ার ২’ সিনেমায়। দুই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি সিনেমাগুলো। আপাতত মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে সম্প্রতি ‘দ্য ওয়ান’ সিনেমায় দেখা গেছে। দর্শকদের আগ্রহের পর ইতোমধ্যে ছবিটির দ্বিতীয় কিস্তির ঘোষণাও এসেছে। তবে আপাতত এই তারকা দম্পতির জীবনে সবচেয়ে বড় অপেক্ষা নতুন অতিথিকে ঘিরেই।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম