প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে বহুতল ভবনের ফ্ল্যাটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ডেস্ক নিউজ ||
চাঁদপুর শহরের ব্যস্ততম জোড় পুকুর পাড় এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে লুৎফুর নাহার (৬৫) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে সাবেক লাভলী স্টোরের পেছনে অবস্থিত নাজিরা কমপ্লেক্সের সাততলার একটি ফ্ল্যাট থেকে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিরাপদ আবাসনের মধ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।নিহত লুৎফুর নাহারের স্বামী প্রয়াত জয়নাল আবেদীন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ঢালীর ঘাট এলাকায়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র ১৮ দিন আগে তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তাঁরা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। বুধবার সন্ধ্যার পর একাধিকবার ফোন করেও মায়ের কোনো সাড়া পাননি তিনি। এতে সন্দেহ হওয়ায় ভবনের দারোয়ানকে ফোন করে ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন।নাহিদা বলেন, দারোয়ান তাঁকে ফোনে লাইনে রেখেই ফ্ল্যাটের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার লক ঘুরিয়ে দেখেন, দরজাটি খোলা রয়েছে। পরে ভেতরে প্রবেশ করে তাঁর মায়ের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর পরিবারের সদস্যদের বিষয়টি জানান।এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের কার্যক্রম শুরু করেন।ডাকাতি, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?ঘটনাটি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন—একজন বৃদ্ধা কীভাবে বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন? হত্যার উদ্দেশ্য কি শুধু লুটপাট, নাকি এর পেছনে রয়েছে ব্যক্তিগত বিরোধ কিংবা পূর্বপরিকল্পিত কোনো ঘটনা?স্থানীয়দের কেউ কেউ ডাকাতির উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন। তবে ফ্ল্যাট থেকে কোনো স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মূল্যবান সামগ্রী খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।বিশেষ করে মাত্র ১৮ দিন আগে নতুন ফ্ল্যাটে ওঠা একজন নারী কীভাবে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হলেন, ফ্ল্যাটে বহিরাগত কারও যাতায়াত ছিল কি না এবং ভবনের নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর ছিল—এসব বিষয়ও তদন্তের আওতায় আসা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।একটি আবাসিক ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এমন হত্যাকাণ্ডের ঘটনায় ভবনটির বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখন স্বজনদের একটাই দাবি—দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিশ্চিত করা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম