প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক ||
দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার থেকে গাজার মধ্যাঞ্চলে এ অভিযান শুরু হয়। এরই মধ্যে সেখানে ইসরায়েলি ট্যাংক মোতায়েন করা হয়েছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব পাশে ইসরায়েলি ট্যাংক দেখতে পান। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দেশটির সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।ইসরায়েলি বাহিনীর দাবি, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিম পাশে থাকা হামাসের একটি সুড়ঙ্গ ধ্বংস করতেই এ অভিযান শুরু হয়েছে। তাদের ভাষ্য, সুড়ঙ্গটি ইসরায়েলি সেনাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছিল।২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ নির্ধারণ করে ইসরায়েল। এই রেখার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা এবং হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে। সেখানে দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম