প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে পৃথক সময়ে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ড
ডেস্ক নিউজ ||
চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে শহরের জেটি রোডে দীপু মনির বাসভবন এবং সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে।তবে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় দুই জায়গার আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে চাঁদপুর শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
এর পরপরই রাত প্রায় ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।
পৃথক এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম