প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
সৈয়দপুরে আ'লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
শাহজাহান আলী, নীলফামারী প্রতিনিধি ||
সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের অন্যান্য এলাকার মতাে সৈয়দপুরের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৫০), খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব (৪০), একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধির কুমার রায় (৫০) ও শহরের অফিসার্স কলোনী এলাকার বাসিন্দা যুবলীগ সদস্য মো. সনু (৪৭)।সুত্র জানায়, ভারতে অবস্থান করা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি দণ্ডাদেশ প্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দেওয়ায় নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকেরা সারাদেশে বোমা ফাটানো, যানবাহনে অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, আগুন লাগানো হামলা নির্যাতনের মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সৈয়দপুরেও এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হতে পারে এমন তথ্য জানতে পেরে থানা পুলিশ সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ মঙ্গলবার দুপুরে কামারপুকুরের মতির মোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার গভীর রাতে গোপন বৈঠকের প্রস্তুতি কালে শহরের ইসলামবাগ ঈদগাহ মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ও একই ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধির কুমার রায়। এর আগে রবিবার শহরের অফিসার্স কলোনী থেকে যুবলীগের সক্রিয় সদস্য সনুকে গ্রেপ্তার করে পুলিশ।মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্য এলাকার মতো সৈয়দপুরেও ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সৈয়দপুরের রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম