প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
দিনাজপুরে কুরিয়ার গোডাউনে ডিবির অভিযান, গ্রেপ্তার ১
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিক খান মিম ওরফে মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার কালিতলা বাজার এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আতিক। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা একটি কার্টন তল্লাশি করা হয়। কার্টন থেকে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন শূন্য দশমিক ২৭ গ্রাম হিসেবে উদ্ধার করা মাদকের মোট ওজন ১ হাজার ৬২০ গ্রাম।গ্রেপ্তার আতিক খান মিম ওরফে মনু দিনাজপুর সদর উপজেলার সারদার আলী খানের ছেলে। তিনি দিনাজপুর পৌরসভার পাক পাহাড়পুর এলাকায় রেডক্রিসেন্ট হাসপাতালের পাশে বসবাস করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম