প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে
ডেস্ক নিউজ ||
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড, সংশ্লিষ্ট কলেজের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার তথ্য দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।এ ছাড়া প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। আর পরীক্ষার্থীদের উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক দায়িত্ব পালন করবেন।
কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেবেন। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম