প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ইচলাদী পুলিশ চেকপোস্টে এসআই মোস্তফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ডেস্ক নিউজ ||
মাসোহারা না দিলে যানবাহনে মামলা, অভিযোগ স্থানীয় চালক-মালিকদের; হেলমেটবিহীন তিন আরোহীর মোটরসাইকেল চলাচলেও নীরব থাকার অভিযোগ।উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফার বিরুদ্ধে ছোট যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়, হয়রানি এবং দায়িত্ব পালনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। স্থানীয় মোটরযান ও পিকআপ মালিক-চালকদের অভিযোগ, নির্দিষ্ট হারে মাসোহারা না দিলে বিভিন্ন অজুহাতে যানবাহন আটক করে মামলা দেওয়া হয়। অন্যদিকে, হেলমেটবিহীন অবস্থায় তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল করলেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ইচলাদী-উজিরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয় যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, মোটরসাইকেল থেকে শুরু করে পিকআপ এবং অবৈধ থ্রি-হুইলার পর্যন্ত বিভিন্ন ছোট যানবাহন থেকে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নিয়মিত মাসোহারা আদায় করা হয়। যারা নির্ধারিত হারে টাকা দেন না, তাদের যানবাহন আটক করে মামলা দেওয়া হয়। এমনকি উপজেলা পর্যায়ের ছোট সড়ক থেকেও যানবাহন আটক করে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান ও মোটরসাইকেলচালক শামীম জানান, তিনি উপজেলা সড়ক দিয়ে যাওয়ার সময় এসআই মোস্তফা তাঁর পথরোধ করেন। নাম জিজ্ঞাসা করার পরপরই তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র জব্দ করা হয়। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানান।প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় হেলমেটবিহীন অবস্থায় একাধিক মোটরসাইকেলে তিনজন করে আরোহী চলাচল করছিলেন। দায়িত্বে থাকা কনস্টেবল দুজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করলে এসআই মোস্তফা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয় চালক শাকিল জানান, এ সড়কে গাড়ি চালাতে হলে শুধু এসআই মোস্তফা নয়, একটি সুপরিকল্পিত দালালচক্রের মাধ্যমেও মাসোহারা দিতে হয় বলে চালকদের মধ্যে অভিযোগ রয়েছে। প্রতি মাসে নতুন করে পাসওয়ার্ড অথবা যানবাহন চলাচলের অনুমতিসংবলিত বিশেষ চিরকুট সরবরাহ করা হয় বলেও তিনি দাবি করেন।স্থানীয়দের আরও অভিযোগ, ছোট ছোট পিকআপ আটক করে স্থানীয় কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে টাকা আদায় করা হয়। এ ধরনের অনিয়মের কারণে সাধারণ যানবাহন মালিক ও চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।একজন স্থানীয় সমাজসেবক বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশে ছোট যানবাহনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে অবহেলা এবং কথিত মাসোহারা ব্যবস্থার বিষয়টি তদন্ত করা প্রয়োজন।এ বিষয়ে এসআই মোস্তফার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, অন্য মামলার তদন্ত ও মামলা-সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেননি। এ কারণে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত সড়ক আন্দোলনের নেতা সাইদুর রহমান ইকবাল বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর অংশে ট্রাফিক পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং কোনো ধরনের চাঁদাবাজি না হলে সড়ক দুর্ঘটনা ৮০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।” তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কার্যক্রমের ওপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর দাবি জানান।এ বিষয়ে বরিশালের পুলিশ সুপারের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, এসআই মোস্তফার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ইচলাদী পুলিশ চেকপোস্টের কার্যক্রম, যানবাহন আটকের প্রক্রিয়া এবং কথিত মাসোহারা আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম