প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বেতনের ২৫ শতাংশ ব্যয় করেন শিক্ষার্থীদের জন্য, ট্রাকচালক ফারুকের অন্যরকম জীবনযুদ্ধ
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
পেশায় ট্রাকচালক। জীবনের অধিকাংশ সময় কাটে ট্রাকের স্টিয়ারিংয়ে হাত রেখে এক জেলা থেকে অন্য জেলায় ছুটে। অথচ এই মানুষটির হৃদয়ে বাস করে এক অন্যরকম স্বপ্ন—সমাজের প্রতিটি অসহায় ও দরিদ্র মেধাবী শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। নিজের বেতনের ২৫ শতাংশ ব্যয় করেন শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেনসিলসহ নানা শিক্ষা উপকরণ কিনে দিতে। শুধু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই নয়, এলাকার অসহায় মানুষের যেকোনো বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বলছি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কাশিমপুর মালিপুকুর গ্রামের ফারুক হোসেনের কথা।ফারুক হোসেনের কাছে শিক্ষা কেবল একটি সনদ অর্জনের বিষয় নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার অন্যতম হাতিয়ার। নিজের জীবনে দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে না পারার বেদনাই তাঁকে অন্যের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই জীবনের সীমিত আয় থেকেও শিক্ষার জন্য নির্দিষ্ট অংশ ব্যয় করার ব্যতিক্রমী অঙ্গীকার করেছেন তিনি।ফারুকের বাবা প্রয়াত মাহবুব হোসেনও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গাড়িচালক ছিলেন। বাবার সঙ্গে গাড়িতে হেলপারি করতে করতেই গাড়ি চালানোর হাতেখড়ি তাঁর। পরিবারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণি পাস করার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। জীবিকার তাগিদে বাবার পথ অনুসরণ করে শুরু করেন গাড়ি চালানোর কাজ। একসময় নিজেও বিএডিসির চুক্তিভিত্তিক গাড়িচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১৭ সালে তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে স্থায়ী করা হয়।পড়াশোনা ছেড়ে দিলেও বই-খাতা-কলমের প্রতি ভালোবাসা কখনো হারাননি ফারুক। মনের ভেতর সব সময়ই কাজ করত একটি আক্ষেপ—অর্থের অভাবে তাঁকে যেমন শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে হয়েছে, অন্য কোনো শিশুকে যেন সেই একই পরিণতির শিকার হতে না হয়। সেই ভাবনা থেকেই নিজের কাছে প্রতিজ্ঞা করেন, জীবনে যত টাকা আয় করবেন, তার ২৫ শতাংশ ব্যয় করবেন অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য।কথা রেখেছেন ফারুক। আয় শুরু করার পর থেকেই সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে থাকেন। বর্তমানে বিএডিসির চাকরি থেকে পাওয়া মাসিক বেতনের উত্তোলিত অর্থের ২৫ শতাংশ আলাদা করে রাখেন শিক্ষা উপকরণ বিতরণের জন্য। সেই অর্থ দিয়ে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, পেনসিল, স্কুলের বেতনসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে দেন। নিজের উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা ও জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটে যান তিনি।তাঁর এই পথচলাও বেশ ব্যতিক্রমী। মাথায় গামছা, সাধারণ পোশাক আর একটি সাইকেল—এ যেন তাঁর মানবিক অভিযাত্রার পরিচিত ছবি। সাইকেলের সামনে লাগানো ছোট্ট ব্যানারে লেখা থাকে শিক্ষার গুরুত্ব তুলে ধরা নানা স্লোগান। ‘একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব’ কিংবা ‘যে মুখে মা ডাকি, সে মুখে মাদক কেন’—এমন নানা বার্তা নিয়ে সাইকেল চালিয়ে ছুটে চলেন এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে। কখনো পাড়া-মহল্লায়, কখনো অসহায় শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেন শিক্ষা উপকরণ। তাঁর কাছে এই কাজ কোনো প্রচারণা নয়, বরং নিজের জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণের এক নিরন্তর চেষ্টা।ফারুকের মানবিক কর্মকাণ্ড কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিদিন সকাল হলেই তাঁর ছোট্ট বাড়িতে ভিড় করেন আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ। কারও ঘরের চালা নেই, কারও বাড়িতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, কারও শীতবস্ত্র প্রয়োজন, কেউ খাবারের সংকটে, আবার কারও সন্তান স্কুলের বেতন দিতে পারছে না। কারও প্রয়োজন বই কেনার টাকা, কারও পরিবারের অসুস্থ সদস্যের চিকিৎসার সহায়তা।মানুষের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ফারুক। এরপর যার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব, তাঁর কাছে ছুটে যান।কখনো সরকারি দপ্তর, কখনো বেসরকারি প্রতিষ্ঠান, আবার কখনো ব্যক্তিপর্যায়ের বিত্তবান মানুষের কাছে তুলে ধরেন অসহায় পরিবারগুলোর দুর্দশার কথা। তাঁর অনুরোধে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এভাবেই নিজের সামর্থ্যের বাইরে গিয়েও অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।ফারুকের এই মানবিক উদ্যোগে সবচেয়ে বড় সহযোগী তাঁর স্ত্রী সাবেরা বেগম। স্বামীর স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে গ্রহণ করেছেন তিনি। শুধু সংসার সামলানো নয়, স্বামীর শিক্ষার প্রতি ভালোবাসা তাঁকেও নতুন করে পড়াশোনায় অনুপ্রাণিত করেছে।সাবেরা বেগম বলেন, ‘আমিও অল্প লেখাপড়া জানতাম। বিয়ের পর স্বামীর কাছ থেকে শিক্ষার প্রতি ভালোবাসা ও আগ্রহ দেখে আমিও পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। তাঁর সহযোগিতায় এসএসসি, এইচএসসি শেষ করে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমার স্বামীর বেতনের ২৫ শতাংশ যখন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় হয়, সেটি এখন আমার কাছেও অনেক বড় আত্মতৃপ্তির বিষয়।তিনি আরও বলেন, ‘আমাদের বড় সম্পদ নেই, ভালো বাড়ি নেই। কিন্তু আমাদের সুখের অভাব নেই। স্বামীর বেতনের ৭৫ শতাংশ দিয়েই সংসার চলে। আমরা মনে করি, এই ৭৫ শতাংশই আমাদের জন্য শতভাগ। স্বামী যখন এলাকার অসহায় মানুষের সমস্যার কথা শুনে সহযোগিতার জন্য ছুটে যান, তখন আমিও অনুপ্রাণিত হই। আমাদের দুই সন্তানকে নিয়ে আমরা ভালো আছি। সংসারে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অভাব নেই।ফারুক হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার প্রচণ্ড আগ্রহ ছিল। বাবাকে বারবার বলতাম, আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। কিন্তু পরিবারের অভাব-অনটনের কারণে তা সম্ভব হয়নি। আমার বাবা-মা দুজনই অশিক্ষিত ছিলেন। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে আমাদের বড় হতে হয়েছে। অনেক সময় দুবেলা খাবার জোগাড় করাই ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল অনেক কঠিন।’নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বই, কলম, পেনসিল, খাতা—এসবের প্রতি আমার ভালোবাসা তখন থেকেই। সেই ভালোবাসা এখনো আছে। বিয়ের সময় স্ত্রীকে আমার স্বপ্নের কথা বলেছিলাম। সে শুরু থেকেই আমাকে সহযোগিতা করে আসছে। তার সহযোগিতা পেয়েছি বলেই হয়তো আজ মানুষের জন্য কিছু করার চেষ্টা করতে পারছি। আমি নিজেও পরবর্তী সময়ে উন্মুক্ত বিদ্যালয় ও কলেজের মাধ্যমে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পর্যন্ত শেষ করেছি।নিজের সংসারের কথা বলতে গিয়ে ফারুক বলেন, ‘আমার বড় ছেলে তৃতীয় শ্রেণিতে এবং ছোট ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্ত্রীকেও পড়াশোনা করিয়ে কৃষি ডিপ্লোমা পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আমার পরিবার দুবেলা খেতে পারছে, সন্তানদের লেখাপড়া করাতে পারছি—এটাই আমার বড় প্রাপ্তি। আমি যেভাবে আছি, সেভাবেই থাকতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টা জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে চাই।’বর্তমানে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মালিপুকুর গ্রামের ছোট্ট একটি বাড়িতে বসবাস করেন ফারুক হোসেন। বিএডিসির দিনাজপুর কার্যালয়ের ট্রাক নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। কিন্তু কর্মব্যস্ততার মধ্যেও ভুলে যান না নিজের সেই অঙ্গীকার। মাসের শুরুতেই বেতনের ২৫ শতাংশ আলাদা করে রাখেন শিক্ষার্থীদের জন্য। এরপর সুযোগ পেলেই বেরিয়ে পড়েন বই-খাতা-কলম নিয়ে।ফারুক হোসেনের নেই বড় কোনো সম্পদ, নেই বিত্তবৈভব কিংবা বিলাসী জীবন। কিন্তু তাঁর আছে মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা, শিক্ষার প্রতি গভীর ভালোবাসা এবং নিজের আয়ের একটি অংশ অন্যের ভবিষ্যৎ গড়ার জন্য বিলিয়ে দেওয়ার মানসিকতা।সমাজে অনেক মানুষ আছেন, যাঁরা বিত্তবান হওয়ার পর দান করেন। কিন্তু ফারুকের গল্পটি ভিন্ন। সীমিত আয়ের একজন ট্রাকচালক হয়েও নিজের উপার্জনের এক-চতুর্থাংশ ব্যয় করছেন অন্যের শিক্ষার জন্য। নিজের অপূর্ণ স্বপ্নকে অন্যের স্বপ্নপূরণের সিঁড়ি করে তোলার এমন দৃষ্টান্ত নিঃসন্দেহে অনুপ্রেরণার। তাঁর সাইকেলের সামনের ছোট্ট ব্যানারে লেখা স্লোগানগুলো যেন শুধু পথচারীদের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বার্তা—শিক্ষার আলো ছড়িয়ে দিতে বড়লোক হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন একটি বড় মনের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম