প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বিস্ফোরক মামলায় আসামি সাবেক এমপি,বিস্মিত শাহীন
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি জানান,২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।এদিকে,যুক্তরাষ্ট্র থেকে সংক্ষিপ্ত সফরে দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এম এম শাহীন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে 'স্তম্ভিত ও হতবাক' বলে উল্লেখ করেন।পোস্টে তিনি জানান,মামলার এজাহারে দণ্ডবিধি,১৮৬০-এর ১৪৩, ৪২৭,৪৩৬,৩৮০ ও ১০৯ ধারার পাশাপাশি বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা ঘটনার তারিখ ২০১৮ সালের ২৮ ডিসেম্বর। অথচ প্রায় আট বছর পর ২০২৬ সালের ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়েছে। দীর্ঘ সময় পর হঠাৎ মামলা দায়েরের ঘটনায় তিনি বিস্মিত বলে জানান।উল্লেখ্য,এম এম শাহীন (মোহাম্মদ মাকসুদ শাহীন) একজন রাজনীতিবিদ,ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০-এর দশকে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে তিনি কুলাউড়ার রাজনীতিতে সক্রিয় হন।রাজনীতিতে আসার আগে ও পরেও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র 'সাপ্তাহিক ঠিকানা'র প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম শাহীন বর্তমানে পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম