প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
জানা গেলো রামিসা হত্যাকাণ্ডে স্বপ্না খাতুনের খালাসের কারণ
ডেস্ক নিউজ ||
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের মতে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মূল অপরাধে স্বপ্না খাতুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। সোহেল রানার দেওয়া জবানবন্দিতেও এ অপরাধে স্বপ্নার সম্পৃক্ততার কথা উল্লেখ নেই। তাই তাকে খালাস দিয়েছেন আদালত।তবে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, স্বামী সোহেল রানাকে পালাতে সাহায্য করতে তিনতলার গ্রিল কাটার ঘটনায় স্বপ্না সহযোগিতা করেছিলেন।অন্যদিকে, সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত বলেছেন, শিশু রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে। এমন গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম