প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বেনাপোলে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
ডেস্ক নিউজ ||
যশোরের বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর ফারুকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন সংশ্লিষ্টরা। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবুও উপস্থিত ছিলেন।এদিকে ঘটনার প্রতিবাদে রাত ১টার দিকে বেনাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গভীর রাতে বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।বিস্ফোরণের বিষয়ে ভুক্তভোগী ওমর ফারুক বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে বুঝতে পারি, আমার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’তিনি আরও জানান, খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরদিন সকালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবলু বলেন, কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম