প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
উত্তর কোরিয়ার সেনাদের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধারে সহায়তা করায় উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রশংসা করেন।বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনের দখলে থাকা পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের অভিযানে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও অংশ নিয়েছিলেন। তিনি বলেন, রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উত্তর কোরিয়ার যোদ্ধাদের সাহসিকতার কথা রাশিয়া কখনো ভুলবে না।পুতিন আরও জানান, যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের স্মরণে চলতি বছরের শেষ দিকে কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। পাশাপাশি যুদ্ধের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং ওই অঞ্চলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশলী ও নির্মাণকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।অন্যদিকে জো ইয়ং-ওন বলেন, তাদের এই সফর পুতিনের প্রতি উত্তর কোরিয়ার সরকার ও ক্ষমতাসীন দলের দৃঢ় সমর্থনের প্রকাশ। এ সময় তিনি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় রাশিয়ার উদ্যোগের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার বিরোধিতা করেন তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দাবি করেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে, যার সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে। তিনি বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর কাছে ‘সত্যিকারের কার্যকর হামলা’ চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে এবং রাশিয়ায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করার বিষয়ে পুনরায় আলোচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ১৪ নভেম্বর মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে গভীর হতে থাকা সামরিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম