প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা প্রতিনিধি ||
রাজধানীর মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর অধিকাংশ শ্রমিক কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরে গেলেও একাংশ শ্রমিক বিক্ষোভ চালিয়ে যান।একপর্যায়ে তারা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এদিকে বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম