প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
আটপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতি
আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা প্রতিনিধি ||
নেত্রকোণার আটপাড়া উপজেলায় খোকন মিয়া(৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছড়িয়ে পড়া দুটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য ও নানা প্রশ্ন। অভিযুক্তের পরিবার অভিযোগটি অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।জানা গেছে, উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (জান্নাতুল) কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার শিশুটির কাছে জানতে চাইছেন তার সঙ্গে কী ঘটেছে। এ সময় শিশুটি খোকন মিয়া তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন বলে জানায়।অন্যদিকে, খোকন মিয়ার স্বজনদের ধারণ করা অপর একটি ভিডিওতে শিশুটিকে খেলার ছলে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়। ওই ভিডিওতে শিশুটি দাবি করে, প্রধান শিক্ষিকা ও তার দাদী তাকে খোকন মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার কথা বলতে শিখিয়ে দিয়েছেন।দুটি ভিডিওতে শিশুর বক্তব্যের ভিন্নতা দেখা যাওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।এদিকে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) খোকন মিয়ার বিরুদ্ধে আটপাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়েরের পর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, খোকন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই। অভিযোগে উল্লেখ করা সময় ও তারিখে তিনি নেত্রকোণার মদন উপজেলার একটি বাজারে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন তাঁরা।পরিবারের সদস্যরা বলেন, অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং অন্যান্য তথ্য-উপাত্ত ও আলামত যাচাই করার দাবি জানান তাঁরা।তাঁদের বক্তব্য, তদন্তে খোকন মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না মিললে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত না করার জন্য প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করতে চান।অন্যদিকে স্থানীয়দের একাংশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঘটনাটিতে খোকন মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এঘটনায় খোকন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব রয়েছেন। এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম গণমাধ্যমকে বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম