প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
বেরোবিতে শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্ব পেলেন প্রক্টর
মো: পারভেজ হাসান , ক্যাম্পাস প্রতিনিধি ||
শিক্ষার্থীদের বিক্ষোভের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে উপগ্রন্থাগারিক মামদুদুর রহমানকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা নিশ্চিত করা হয়।এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) সদস্যরা। এ সময় তাঁরা পরিচালক পদে কর্মকর্তা মামদুদুর রহমানের দায়িত্ব পালনের বিরোধিতা করেন। একই সঙ্গে এ পদে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি জানান।শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামদুদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রক্টর ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেয়।বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের পদটি কর্মকর্তাদের জন্য নির্ধারিত। এটি শিক্ষকদের কোনো পদ নয়। অর্থাৎ সাংগঠনিক কাঠামো অনুযায়ী পদটি কর্মকর্তাদের হলেও শিক্ষার্থীরা সেখানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, ইসমাইল হোসেন প্রক্টরের দায়িত্ব পাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম