প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
হিলি স্টেশনে থামল নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী
ডেস্ক নিউজ ||
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। অবশেষে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন স্থানীয় বাসিন্দারা।রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস হিলি স্টেশনে প্রথম যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালক ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। স্টেশনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ট্রেন দুটির যাত্রাবিরতির ফলে হিলি ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় যাতায়াত করতে হয়। ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এ উদ্যোগের জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।স্থানীয়রা জানান, স্টপেজ চালু হওয়ায় এখন থেকে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি হিলি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম