প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
বেনাপোলে ও শার্শা সবজির বাজারে স্বস্তি, কমেছে অধিকাংশ পণ্যের দাম
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ||
শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের বেনাপোলে ও শার্শা উপজেলার কাঁচাবাজারে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। বর্তমানে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি।রোববার (১৫ নভেম্বর) বেনাপোল, শার্শা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত কয়েক সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে।বাজারে পটোল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।অন্যান্য সবজির মধ্যে পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা এবং মানভেদে শিম ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানিকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।বেনাপোল বাজারের সবজি বিক্রেতা সুরুজ মিয়া জানান, বর্তমানে টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। দিন যত যাবে, বাজারে সরবরাহ আরও বাড়বে এবং সবজির দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।অন্যদিকে মাছ, মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০থেকে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম এখনো ৭৫০ টাকা কেজি।মাছের বাজারে তেলাপিয়া প্রতি কেজি ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, মানভেদে রুই ১৪০ থেকে ২০০ টাকা, মিরগেল ১৪০ থেকে ১৮০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় উপজেলায় বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কমেছে। মাছ, মুরগি ও ডিমের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। তবে গরুর মাংস ও নতুন দেশি টমেটোর উচ্চমূল্য ক্রেতাদের ভোগান্তি বাড়াচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম