প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
বাগেরহাটে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে হামলা: ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আহত, স্বামী আহত
ডেস্ক নিউজ ||
বাগেরহাট সদর উপজেলায় গাছের ডাল পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভস্থ সন্তান নষ্টের উপক্রম হয়েছে। বাধা দিতে গেলে তার স্বামীকেও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে গুরুতর আহত ওই গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আল-মামুন শেখ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে আল-মামুনের বাড়ির একটি গাছের ডাল প্রতিবেশী জাকারিয়াসংলগ্ন সীমানায় পড়ে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জাকারিয়াসহ আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে আসছিলেন। এর জের ধরে গত ১০ নভেম্বর সকালে অভিযুক্ত জাকারিয়া, মারিয়া বেগম, জাহাঙ্গীর শেখ ও ডলি বেগম দলবদ্ধভাবে আল-মামুনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালান।প্রতিবাদ করলে আসামিরা স্বামী আল-মামুনকে পিটিয়ে জখম করেন। তাকে বাঁচাতে অন্তঃসত্ত্বা স্ত্রী সুরাইয়া বেগম (১৯) এগিয়ে এলে আসামিরা তাকেও লাঠিপেটা করেন। একপর্যায়ে মারপিটের ধকলে তিনি মাটিতে পড়ে গেলে আসামি জাকারিয়া ও মারিয়া বেগম তার তলপেটে সজোরে লাথি মারেন, যার ফলে তার ৭ মাসের গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার উপক্রম হয়।পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। আহত গৃহবধূকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে ঘটনার পর অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় কিংবা তারা কল রিসিভ করেননি, ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই এবং আসামিদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম