প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, শৈত্যপ্রবাহেরও শঙ্কা
ডেস্ক নিউজ ||
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। পরে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা এখনো নিশ্চিত নয়।সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে দেশের কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে।তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন এলাকায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা।
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম