প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সিরাজদীখানে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মো. আবদুল আউয়াল , স্টাফ রিপোর্টার ||
কাজের সন্ধানে মায়ের সঙ্গে গার্মেন্টসে যাওয়া। বয়স মাত্র ১৫ বছর। সংসারের প্রয়োজনে কর্মস্থলে কাজ শেখা ও দাপ্তরিক কাজে সহযোগিতা করাই ছিল তার দায়িত্ব। কিন্তু সেই কর্মস্থলেই নিরাপত্তাহীনতার শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর।
গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং পরে ব্যক্তিগত অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করেছেন কিশোরীর মা।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি গার্মেন্টসে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গার্মেন্টস মালিকের নাম আনোয়ার মাঝি (৬০)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সিরাজদীখান থানায় মামলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে জৈনসার এলাকায় ইন্ডিয়ান টেক্সটাইল নামের গার্মেন্টসে কাজ করে আসছেন। ওই পরিচয়ের সূত্র ধরে তার ১৫ বছর বয়সী মেয়ে কিশোরী গার্মেন্টসের মালিক আনোয়ার মাঝির ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়।
কিশোরীর মায়ের অভিযোগ, গত ১২ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে গার্মেন্টসের ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে। ওই সময় অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন আনোয়ার মাঝি। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, মেয়েকে আটকে রাখার খবর পেয়ে হালিমা খাতুন পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে অফিসকক্ষ থেকে মেয়েকে উদ্ধার করেন। এমন ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কিশোরী ও তার পরিবার।
অভিযুক্ত আনোয়ার মাঝি জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের মৃত স্বপন মাঝির ছেলে।এ ঘটনায় কিশোরীর মা হালিমা খাতুন গেলো শুক্রবার ১৩ই নভেম্বর সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে শুক্রবার রাতেই মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার মাঝিকে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।কিশোরীকে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম