প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি
ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে।আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। পরবর্তী সময়ে উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।তবে প্রজ্ঞাপনে এখনো নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এটি পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ।উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে এ উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম