প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায়
আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ||
ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি করতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। অফিসের পেশকার মো. কাজী জামাল ও কর্মচারী রাশেদের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার (১১ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের (আইজিআর) মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের অনুলিপি আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের সারিতে দলিল সম্পাদনের পর মূল রেজিস্ট্রি সংক্রান্ত বালাম/মুড়ি বই প্রস্তুত এবং দাতা-গ্রহীতাদের টিপসই গ্রহণের মতো অত্যন্ত সংবেদনশীল দাপ্তরিক কাজ সম্পন্ন হয়। এই শাখায় রাশেদ নামের এক কর্মচারী দায়িত্বপ্রাপ্ত থাকলেও তিনি নিজে কাজ না করে সম্পূর্ণ বেআইনিভাবে অফিসের একজন নৈশপ্রহরীকে (নাইট গার্ড) ওই চেয়ারে বসিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন।ভুক্তভোগীদের অভিযোগ, ওই নৈশপ্রহরীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতি দলিল সম্পাদন ও টিপসই গ্রহণের বিপরীতে সেবাগ্রহীতাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ‘বকশিশ’ বা অবৈধ অর্থ আদায় করা হচ্ছে। নির্ধারিত এই বাড়তি টাকা না দিলে টিপসই গ্রহণে ইচ্ছাকৃত বিলম্ব ও নানাভাবে হয়রানি করা হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়, অফিসের পেশকার মো. কাজী জামাল সরকারি নির্ধারিত ফি-এর বাইরে নিজের মনগড়া অতিরিক্ত অর্থ আদায় করেন। চাহিদামতো অর্থ না দিলে সাধারণ মানুষের দলিল ও ফাইল আটকে রেখে মাসের পর মাস ঘোরানো হয়। অফিসের কতিপয় অসাধু কর্মচারী ও বহিরাগত দালালদের সমন্বয়ে তিনি একটি শক্তিশালী বলয় তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অর্থের বিনিময়ে জমির ভায়া দলিল ও খতিয়ান সংক্রান্ত নথিতে কারসাজি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণের অভিযোগও উঠেছে এই চক্রের বিরুদ্ধে। কাজী জামাল পেশকার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। রাশেদ এবং ইসরাফিল ফোন ধরেননি।সচেতন নাগরিক ও স্থানীয়দের মতে, ভূমি রেজিস্ট্রির মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি দপ্তরে নৈশপ্রহরীকে দিয়ে রাষ্ট্রীয় দলিলের মুড়ি বই ও টিপসই গ্রহণের মতো গোপনীয় কাজ করানো সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার চরম লঙ্ঘন। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।অভিযোগের বিষয়ে জানতে ফরিদপুর সাব-রেজিস্ট্রার অফিসের পেশকার মো. কাজী জামাল এবং কর্মচারী রাশেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফরিদপুর সাব-রেজিস্ট্রার অফিসকে দালাল ও হয়রানিমুক্ত করবেন—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম