প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ইরানে নতুন হামলার সম্ভাবনা, গোপন তথ্য শেয়ার নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট।বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরান সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে শেয়ার করেন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইরান নিয়ে বেশ কিছু গোয়েন্দা তথ্য তুলে ধরেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, এসব তথ্য ইরানে নতুন করে হামলার বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা সম্পর্কে আইজেনকোটের ধারণা বদলে দিতে পারে।তবে ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের বিষয়ে আইজেনকোট আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছে চ্যানেল ১২।
এদিকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির ইরানে সামরিক অভিযানের পক্ষে থাকলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।
তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত সময় ও পরিস্থিতিতে অভিযান চালানোর পক্ষে জামির। ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন, ইরান থেকে তাৎক্ষণিক এমন কোনও হুমকি নেই, যার জন্য নতুন করে হামলা প্রয়োজন। দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধেও জড়াতে চায় না তারা।
অন্যদিকে, সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ওয়াশিংটনে গিয়ে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন মোসাদপ্রধান গফম্যান। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত তথ্য তুলে ধরার কথা রয়েছে তার।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনও সমঝোতা হতে পারে, যাতে তেহরানের ওপর চাপ কমবে, অথচ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অমীমাংসিত থেকে যাবে- এমন আশঙ্কাও রয়েছে নেতানিয়াহু সরকারের। সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম