প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
ডেস্ক নিউজ ||
সড়ক দুর্ঘটনা কমানো ও পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) শুরু হবে।বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় আয়োজিত কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কার্যক্রম শুরু হবে।বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২০ হাজার চালককে পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় অনেক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে চালকদের জ্ঞান বাড়ানো এবং নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর দক্ষতা তৈরিতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ফাতেমা বেগম আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সড়কের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় চালকদের ব্যক্তিগত দায়িত্ববোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম