প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
বনপাড়া বাজারে বড়াল নদীর সেতুর পূর্ব পাশে ঝুঁকি, বড় দুর্ঘটনার আশঙ্কা
শিবলু আহমেদ , নাটোর প্রতিনিধি ||
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বনপাড়া বাজারের মধ্য দিয়ে বয়ে গেছে বড়াল নদী। নদীর ওপর নির্মিত সেতুটি ঢাকা-পাবনা-রাজশাহী মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে সেতুটির পূর্ব দিকে সম্প্রসারণের কাজ সম্পন্ন হলেও দুই প্রান্তের সংযোগস্থলে রয়ে গেছে উঁচু-নিচু মাটি, বালুর স্তূপ ও গভীর খাদ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, সেতু সম্প্রসারণ করা হলেও পূর্ব পাশের দুই প্রান্ত যথাযথভাবে সমতল ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়নি। কোথাও উঁচু বালুর স্তর, কোথাও নিচু জায়গা আবার কোথাও রয়েছে গভীর খাদ। দীর্ঘদিন ধরে এমন অবস্থা বিরাজ করলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে সবাইকে।বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। পর্যাপ্ত দৃশ্যমানতা না থাকায় চালকেরা দূর থেকে সড়কের অসমান অংশ সহজে বুঝতে পারেন না। এতে মোটরসাইকেল, অটোরিকশা, বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার মুখে পড়তে পারে। সামান্য অসতর্কতাও কেড়ে নিতে পারে মূল্যবান প্রাণ।সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সেতুর পূর্ব পাশের দুই প্রান্তে এই অসমান অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও ঝুঁকিপূর্ণ স্থানগুলো এখনো সংস্কার করা হয়নি। ফলে চালক ও পথচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।বনপাড়া বাজার বড়াইগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করেন। পাশাপাশি ঢাকা, পাবনা ও রাজশাহীগামী দূরপাল্লার যানবাহনের চলাচলও রয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই সেতুর সংযোগস্থল নিরাপদ রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।স্থানীয়দের দাবি, সেতুর পূর্ব পাশের দুই প্রান্তের বালু ও মাটি অপসারণ করে উঁচু-নিচু অংশ সমান করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় পিচঢালাই, সংযোগ সড়ক মজবুতকরণ, পানি নিষ্কাশন এবং সতর্কতামূলক সাইনবোর্ড ও আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।তাদের মতে, সেতু সম্প্রসারণের সুফল তখনই পাওয়া যাবে, যখন এর সংযোগস্থলও নিরাপদ ও চলাচলের উপযোগী হবে। তাই কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সরেজমিন পরিদর্শন ও সংস্কারকাজ শুরু করা প্রয়োজন।বনপাড়াবাসীর প্রত্যাশা, বড়াল নদীর সেতুর পূর্ব পাশের ঝুঁকিপূর্ণ দুই প্রান্ত দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল নিরাপদ করা হবে। বড় কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানির পর নয়, দুর্ঘটনার আগেই কার্যকর পদক্ষেপ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমনটাই দাবি স্থানীয়দের।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম