প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেন। তাঁর
স্মৃতিবিজড়িত পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠিত
স্মৃতিকেন্দ্রটি এখন নিজেই যেন অবহেলার স্মারক। রক্ষণাবেক্ষণের অভাব, জনবল সংকট ও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্রমেই সৌন্দর্য হারাচ্ছে
গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে দেখা দিয়েছে ফাটল। প্রবেশপথের বসার বেঞ্চগুলোও ভাঙাচোরা।
সংগ্রহশালায় নেই পর্যাপ্ত বই, দুর্লভ সাহিত্যকর্ম কিংবা
লেখকের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত। প্রতিষ্ঠার দুই দশকের বেশি
সময় পেরিয়ে গেলেও হয়নি উল্লেখযোগ্য সংস্কার ও আধুনিকায়ন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন
দর্শনার্থী, সাহিত্যপ্রেমী ও স্থানীয়রা। তাঁদের দাবি,
দ্রুত সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে স্মৃতিকেন্দ্রটিকে একটি
সমৃদ্ধ সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র
সূত্রে জানা গেছে, বাংলা সাহিত্যের
কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র
মধ্য দিয়ে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন মীর মশাররফ হোসেন। তাঁর জন্ম ১৮৪৭ সালের ১৩
নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানা বাড়িতে। তবে তাঁর পৈতৃক নিবাস
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। কুষ্টিয়ায় তাঁর লেখাপড়ার হাতেখড়ি।
পরে পদমদী গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর শিক্ষাজীবনের ইতি ঘটে কৃষ্ণনগর ও
কলকাতায়। জীবনের অধিকাংশ সময় তিনি ফরিদপুরের গোয়ালন্দ মহকুমার নবাব এস্টেটে চাকরি
করে কাটান। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করলে তাঁকে সমাহিত করা হয় স্ত্রী
বিবি কুলসুমের পাশে। একই স্থানে তাঁর ভাই মীর মোকাররম হোসেন ও ভাইয়ের স্ত্রী বিবি
খোদেজা বেগমকেও সমাহিত করা হয়েছে। এই সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্মের স্মৃতি
সংরক্ষণের লক্ষ্যে পরবর্তী সময়ে বাংলা একাডেমির তত্ত্বাবধানে পদমদীতে প্রতিষ্ঠা
করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। ১৯৯৯ সালের জুলাইয়ে ৮৪ শতাংশ জমির ওপর ২
কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে রয়েছে সংগ্রহশালা,
১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর,
গ্রন্থাগার, অতিথিকক্ষ, ডাইনিং, কিচেন ও প্রসাধন কক্ষ। তৎকালীন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ২০ এপ্রিল স্মৃতিকেন্দ্রটি উদ্বোধন
করেন। তবে উদ্বোধনের দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের
অভাবে স্থাপনাটির সৌন্দর্য হারাতে বসেছে। সরেজমিনে দেখা যায়,
স্মৃতিকেন্দ্রের প্রবেশপথে দর্শনার্থীদের বসার বেঞ্চগুলো ভাঙা।
ভবনের বিভিন্ন কক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে,
অনেক জায়গায় দেয়ালের রং উঠে গেছে এবং পলেস্তারা খসে পড়েছে। কোথাও
কোথাও নষ্ট হচ্ছে স্থাপনার বিভিন্ন অংশ। সংগ্রহশালায় নেই পর্যাপ্ত বই, দুর্লভ সাহিত্যকর্ম কিংবা লেখকের জীবন ও সাহিত্য নিয়ে প্রয়োজনীয়
তথ্য-উপাত্ত। প্রয়োজনীয় জনবলের অভাবেও ব্যাহত হচ্ছে স্মৃতিকেন্দ্রের স্বাভাবিক
কার্যক্রম। সরেজমিন পরিদর্শনের সময় কোনো দর্শনার্থীর উপস্থিতিও চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দা মো. আব্দুর রশিদ
বলেন, "অধ্যাপিকা জাহানারা বেগমের
সঙ্গে এসে আমরা প্রায় ৫০ জন যুবক এই প্রতিষ্ঠানের জমির আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে
কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক কারণে
দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। এখানকার কর্মকর্তা-কর্মচারীদেরও অনেক
গাফিলতি রয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সাহিত্যের এই
বাতিঘরটি সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ থাকে। ফলে স্থানীয় শিক্ষার্থীরাও এখানে আসার
সুযোগ পায় না। আমাদের দাবি, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয়
সংস্কার করে শুক্র ও শনিবারও খোলা রাখা হোক।" আরেক বাসিন্দা মাসুদ রানা বলেন,
"তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতিকেন্দ্রটি
উদ্বোধন করায় গত স্বৈরাচার সরকারের আমলে প্রতিষ্ঠানটি অবহেলার শিকার হয়েছে।
বর্তমানে এটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মীর মশাররফ হোসেনের মতো একজন
কালজয়ী সাহিত্যিকের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠানটির এমন অবস্থা মেনে নেওয়া যায় না।
স্মৃতিকেন্দ্রটি রক্ষায় বর্তমান সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।" স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন,
"এখানে পাঠক ও দর্শনার্থীদের বসার তেমন কোনো ব্যবস্থা নেই।
বসার বেঞ্চগুলো নষ্ট হয়ে পড়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল
৫টা পর্যন্ত স্মৃতিকেন্দ্রটি খোলা থাকলেও শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে
বন্ধ থাকে। অথচ ছুটির দিনগুলোতেই এখানে দর্শনার্থীদের বেশি আসার কথা। তাই
সাপ্তাহিক ছুটির দিনেও স্মৃতিকেন্দ্রটি খোলা রাখার ব্যবস্থা করা প্রয়োজন।" প্রতিবছর মীর মশাররফ হোসেনের জন্ম ও
মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা
হয়। এসব আয়োজনকে কেন্দ্র করে কিছুদিনের জন্য শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং
করার কাজ। তবে আনুষ্ঠানিকতা শেষ হলেই বছরের বাকি সময় কেন্দ্রটির কার্যক্রম অনেকটাই
সীমিত হয়ে পড়ে। ফলে সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি সাহিত্যচর্চা,
গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে উদ্দেশ্য নিয়ে
স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল, তা পুরোপুরি
বাস্তবায়িত হচ্ছে না। সংস্কৃতিকর্মী মিজানুর রহমান পলাশ
বলেন, "মীর মশাররফ হোসেন বাংলা
সাহিত্যের একজন অমর সাহিত্যিক। তাঁর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের
কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটির নিয়মিত কার্যক্রম থাকা জরুরি।
এখানে নিয়মিত সাহিত্যসভা, পাঠচক্র, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সাহিত্যপ্রেমীদের
পদচারণা বাড়বে। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকতা না করে সারা বছর
প্রতিষ্ঠানটিকে সচল রাখতে হবে।" দর্শনার্থী বায়েজিদ মাহিন বলেন,
"একজন কালজয়ী সাহিত্যিকের স্মৃতি বিজড়িত এই স্থাপনা দেখতে এসে
প্রত্যাশিত পরিবেশ পাওয়া যায় না। ভবনের বিভিন্ন স্থানে সংস্কারের অভাব স্পষ্ট।
পাঠাগার ও সংগ্রহশালায় আরও বই এবং লেখকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তথ্য থাকা
প্রয়োজন। একই সঙ্গে দর্শনার্থীদের বসার ব্যবস্থা ও ছুটির দিনে কেন্দ্রটি খোলা
রাখলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের আগ্রহ বাড়বে।" মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের
অধ্যক্ষ মো. কামাল হোসেন খান বলেন, "মীর মশাররফ
হোসেন শুধু রাজবাড়ী কিংবা এই অঞ্চলের নন, তিনি বাংলা
সাহিত্যের অমূল্য সম্পদ। তাঁর জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে
স্মৃতিকেন্দ্রটির যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়ন জরুরি। এখানে সমৃদ্ধ পাঠাগার, আধুনিক সংগ্রহশালা ও গবেষণার পরিবেশ তৈরি করা গেলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা উপকৃত হবেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত
কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।" স্মৃতিকেন্দ্রের সভাপতি কবি সালাম
তাসির বলেন, "বাংলা একাডেমি স্মৃতিকেন্দ্রের
উন্নয়নে কখনো সেভাবে উদ্যোগ গ্রহণ করেনি। স্মৃতিকেন্দ্র থেকে সাহিত্যের আলো ছড়াতে
সংস্থাটির আন্তরিকতার অভাব রয়েছে। অথচ যথাযথ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হলে এই
প্রতিষ্ঠানটি বাংলা সাহিত্যচর্চা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত
হতে পারে।" সাহিত্যপ্রেমী ও স্থানীয়দের দাবি,
স্মৃতিকেন্দ্রটিকে শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের মধ্যে
সীমাবদ্ধ না রেখে সারা বছর সাহিত্যচর্চা, গবেষণা ও
সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি একটি সমৃদ্ধ
পাঠাগার, আধুনিক সংগ্রহশালা ও বিনোদনমূলক পরিবেশ সৃষ্টির
পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও স্মৃতিকেন্দ্রটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
রাখার দাবি জানিয়েছেন তাঁরা।তাঁদের প্রত্যাশা,
ভবন সংস্কারের পাশাপাশি আধুনিক সংগ্রহশালা, সমৃদ্ধ পাঠাগার ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে স্মৃতিকেন্দ্রটিকে বাংলা
সাহিত্যচর্চা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা হবে। এতে
দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকরা পদমদীতে এসে মীর মশাররফ হোসেনের জীবন,
সাহিত্যকর্ম ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক
আফরোজা পারভীন বলেন, "স্মৃতিকেন্দ্রটি
বাংলা একাডেমির অধীনে রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি,
অল্প সময়ের মধ্যে এখানে দর্শনার্থী ও পাঠকদের জন্য বসার বেঞ্চ
মেরামত, দেয়ালে রং করা, ইন্টারনেট
সংযোগসহ প্রয়োজনীয় কিছু কাজ করা হবে।"
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম