প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ঘটনায় কমলগঞ্জের দুইজন নিহত
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাক বিভাগের মেইলবাহী গাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একই গ্রামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার নয়াপাড়া–কাওসারনগর এলাকায় ডাক বিভাগের মেইলবাহী গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা জসিম আহমেদ ও আবুল কালামের মৃত্যু হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।একই গ্রামের দুই কর্মজীবী মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে কমলগঞ্জের মোকাবিল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম