প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
ডেস্ক নিউজ ||
সফটওয়্যারজনিত জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যার সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং দ্বৈত ভোটার হওয়ার মতো বিভিন্ন কারণে এনআইডি লক করা হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু পরিচয়পত্র লক রয়েছে।লক হওয়া এনআইডির মধ্যে দ্বৈত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এ ধরনের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমে ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় যাচাইয়ের পর সিদ্ধান্ত নিচ্ছে ইসি।নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যারটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই জটিলতাগুলো নিরসন করা সম্ভব হবে।তিনি আরও জানান, বর্তমানে যেসব নাগরিক তাদের এনআইডি লক থাকার বিষয়টি জানাচ্ছেন, তাদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম