প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক নিউজ ||
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানতে চান, সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে ফরেনসিক দল না যাওয়ার বিষয়টি কীভাবে দেখা হচ্ছে।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের একটি পুরোনো টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি প্রায় পরিত্যক্ত ও জনশূন্য ছিল। আগুনে সেখানে থাকা দুটি ছাগল মারা যায়।তিনি বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। দেয়ালে এ ধরনের হামলার চিহ্নও পাওয়া যায়নি। স্থানীয় কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংগৃহীত ছবি, ভিডিও ও অন্যান্য আলামত পর্যালোচনায় পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম