প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার তাগিদ প্রতিমন্ত্রীর
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা প্রতিনিধি ||
অনলাইন নিউজ পোর্টালের মান ও সংবাদ পরিবেশনের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, অনলাইন সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ও পাঠকের আগ্রহ ধরে রাখতে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করার পাশাপাশি সংবাদ পরিবেশনে মান বজায় রাখতে হবে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, তাহলে মানুষ আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য নিউজ পোর্টালের সঙ্গে উপযুক্ত সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।’প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের বিভিন্ন প্রস্তাব লিখিত আকারে দেওয়া হলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম