প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও রহস্যজনক চিরকুট
আরিয়ান টুটুল , কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা উল্লেখ করে বিদায় জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হুমকির শিকার দুই ব্যক্তি হলেন ওই গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তার (৪২)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৃথকভাবে ওই দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে এসব জিনিস দেখতে পান। পরে সেগুলোর সঙ্গে পাওয়া যায় রহস্যজনক দুটি চিরকুট।বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও গুডবাইঅন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছ, না কী খেয়েছ, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও ইতি তোমার জান গুডবাই।এ বিষয়ে মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা বা কী উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে গেছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। কাফনের কাপড় ও রহস্যজনক চিরকুটের মাধ্যমে এমন হুমকির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম