প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
ডেস্ক নিউজ ||
সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রীর নাম শারমিন আক্তার রিতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, আন্দোলন-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিও নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি মহিলা দলের কোনো পদবি, সাংগঠনিক পরিচয় কিংবা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম