প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও বেশি মানুষ
ডেস্ক নিউজ ||
আসন্ন রমজানে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কিছুটা কমাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার সারা দেশে ৫২০টি ট্রাকে করে কম দামে পণ্য বিক্রির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। গত রমজানে এ কার্যক্রম পরিচালিত হয়েছিল ৪৫০টি ট্রাকের মাধ্যমে।টিসিবির নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ৪০ লাখ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। গতবারের তুলনায় এবার সুবিধাভোগীর সংখ্যা আরও ৬ লাখ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।রমজানে বাজারের চাহিদা মেটাতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ বিভিন্ন পণ্যের মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্মার্ট কার্ডের আওতার বাইরে থাকা সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানে পণ্যের চাহিদা বাড়ার বিষয়টি মাথায় রেখে আগাম সংগ্রহের প্রস্তুতি চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে কম দামে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।তিনি আরও জানান, বাড়তি পণ্য সংগ্রহের বিষয়ে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত কত পরিমাণ পণ্য আমদানি করা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে টিসিবির।এদিকে চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে দেশে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, গত ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ সময় সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।একই সময়ে চিনির আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলার আমদানিতেও বড় পরিবর্তন এসেছে। চার মাসেরও কম সময়ে আমদানি হয়েছে ৮২ হাজার টন, যেখানে আগের বছরের একই সময়ে এসেছিল মাত্র ১২ হাজার টন।এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুর আমদানিও ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পণ্য আমদানি বাড়ানো, সরকারি মজুত নিশ্চিত করা এবং ট্রাকের মাধ্যমে বিক্রির পরিধি সম্প্রসারণ এই তিন উদ্যোগ রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে সাধারণ মানুষ কতটা সুফল পাবেন, তা নির্ভর করবে সময়মতো পণ্য সরবরাহ এবং নির্ধারিত সাশ্রয়ী দামে বিক্রি নিশ্চিত করার ওপর।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম