প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
রাশিয়ায় বাদামি ভাল্লুকের হামলায় ৩৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে ভাল্লুক। দীর্ঘদিন ধরে প্রাণীটিকে দেশটির শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয়। একসময় পশ্চিমা দেশগুলো রাজনৈতিক কার্টুন ও ব্যঙ্গচিত্রে রাশিয়াকে বোঝাতে ভাল্লুকের ছবি ব্যবহার করত। পরে রাশিয়াও এই প্রতীককে নিজেদের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করে।তবে একসময় শক্তির প্রতীক হিসেবে পরিচিত এই প্রাণীই এখন রাশিয়ায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ভাল্লুকের হামলায় প্রাণহানির ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।চলতি বছরের বসন্তের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়াজুড়ে বাদামি ভাল্লুকের হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ কামচাটকা অঞ্চলের একটি হলিডে ক্যাম্পে ভাল্লুকের হামলায় প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তাকর্মী।বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যমতে, গত কয়েক সপ্তাহে ভালুকের হামলায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অক্টোবরের শুরুতে এ সংখ্যা ছিল ২২, যা বেড়ে এখন ৩৫-এ দাঁড়িয়েছে।
এ ছাড়া গত তিন দশকে রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
বর্তমানে দেশটিতে প্রায় ৩ লাখ ৮ হাজার বাদামি ভালুক রয়েছে। শীতকাল আগের তুলনায় ছোট ও উষ্ণ হয়ে আসায় এ সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
কিছু অঞ্চলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ কারণে গত সেপ্টেম্বরে ভালুক নিধনের নিয়ম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় সরকার।
বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান আলেক্সেই সিদেনভ চলতি মাসে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এ বছর ভালুকের সংখ্যা বৃদ্ধি ও মানুষের ওপর হামলার অন্যতম কারণ শিকারির সংকট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক শিকারি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। ফলে ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে শিকার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরো বলেন, ফসলের ঘাটতি ও দাবানলের কারণেও ভালুক খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। প্রাণীবিজ্ঞানী মিখাইল ক্রেচমার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ায় ভালুক নিধনের জন্য নির্ধারিত কোটার মাত্র ২৭ শতাংশ ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়ার শিকার ও মৎস্যজীবী সংঘের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র : দ্য মস্কো টাইমস, রয়টার্স
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম