প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলা,১৬ জনের বিরুদ্ধে মামলা
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ।মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।এজাহারে অভিযোগ করা হয়,স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হাসিব আল ইসলাম ও তাঁর স্ত্রীর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা হাসিবের ওপর হামলা চালান।ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাটি রেকর্ড করে।অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম