প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক নিউজ ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাতে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এমন একটি ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। একইভাবে রাতে বা ভোরে কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারহীন গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে দেয় না।বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করার বিষয়ে বিরোধী দলের আগ্রহকে তিনি স্বাগত জানান। বিরোধী দল সক্রিয় থাকলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো। সরকারও তাদের সহযোগিতা প্রত্যাশা করে।তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ ক্ষেত্রে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছে, তা খতিয়ে দেখছে সরকার।বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিস্তারিত জানালে সরকার বিষয়টি তদন্ত করে দেখবে।তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশের ভেতরেও এ প্রচেষ্টায় বিনিয়োগ করা হয়েছিল। তবে সরকার সেই চেষ্টা নস্যাৎ করেছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেনি বলেও জানান তিনি।শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় শিল্পকারখানার নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তাঁর দাবি, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে এবং কয়েকজন শিল্প মালিকও তাদের সহযোগিতা করেছেন। তবে সেই চেষ্টা সফল হয়নি।সংসদে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের সংখ্যা তুলনা করতে হলে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নিতে হবে। সংসদে একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি জানান। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, উন্নতি ও অবনতি আপেক্ষিক বিষয়। আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা না করে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলেও জানান তিনি। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্য যাচাই করতে পারেন।বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে বা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতনের পর কেউ তা ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার সেই ষড়যন্ত্র উন্মোচন করবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম