প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ক্ষমতায় এসে ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে সরকার
ডেস্ক নিউজ ||
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।প্রশ্নে কেরামত আলী জানতে চান, বিগত সরকারের সময়ে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো এখনো নিষ্পত্তি না হওয়ায় অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে দেরির কারণ কী এবং কবে নাগাদ তা শেষ হবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের কমিটিগুলোর কার্যপদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে থাকে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না—তা বিবেচনা করেই কেবল মামলা প্রত্যাহারের সুপারিশ করে তারা।
জবাবে আইনমন্ত্রী আরও বলেন, জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম