প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: ইশরাক
ডেস্ক নিউজ ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ইশরাক হোসেন বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে অন্য যেসব আলোচনা হচ্ছে, সেগুলো রাজনৈতিক অপপ্রচার।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক বলেন, ১৮ কোটি মানুষের দেশে পুলিশ সদস্যের সংখ্যা প্রায় দুই লাখ। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।তিনি আরও বলেন, সরকার রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী দলীয় ও সংসদীয় বৈঠকে কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক বলেন, ‘‘কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ ও রাজনৈতিক ফাঁদ তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ভালোভাবে সামাল দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে।’’
আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তথাকথিত এই হরতালের কোনো মূল্য নেই। বাংলাদেশের জনগণ খুনি, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দলটি নিষিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা আদৌ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারিত হবে।’’
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক লাভ হবে না।’’ মঙ্গলবার সকালেও রাজধানীতে যানজট ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, সাধারণ মানুষ হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে না।
ইশরাক আরও বলেন, ‘‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে। একইসঙ্গে রাজনৈতিকভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এবং অতীতে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’’
সভায় উপস্থিত ছিলেন— মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ আরও অনেক।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম