প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’
ডেস্ক নিউজ ||
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিভিন্ন সময়ে পলাতক শেখ হাসিনার বক্তব্য সামনে আসছে। তবে সেগুলো আসলেই তাঁর বক্তব্য, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও তাঁরা নিশ্চিত নন বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নুর।ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে রাজপথে সক্রিয় হলে এবং সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে তাদের তৎপরতা বন্ধ করা সম্ভব।এ সময় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। নুর জানান, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অহেতুক সরকারের বিরোধিতা না করে সংসদের মতো রাজপথেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংসদে বিরোধী দলের যে গঠনমূলক ভূমিকা দেখা যাচ্ছে, রাজপথেও তেমন দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তাঁরা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম