প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার
আরিয়ান টুটুল , কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেলেও পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেপ্তার হয় সে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলিংবেল বাজাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় পেছন থেকে এসে ইমন নামে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। অবশেষে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আহত শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে হামলার নেপথ্য কারণ জানার চেষ্টা করা হবে।এদিকে, স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার পর শহরজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করা হয় বলে জানা যায়।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ওপর এমন নৃশংস হামলা এবং শহরজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম