প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কয়েক দিনের বিরতির পর উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ডেস্ক নিউজ ||
নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হন।জানা যায়, সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন।সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, দুজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তবে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশের কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক প্লাটুন বিজিবি সদস্যকে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় অবস্থিত নিউএইজ গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম